শেরে বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের শিক্ষক ও আবাসন সংকট সমাধানে ৭ দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকালে মেডিকেল কলেজের অধ্যক্ষসহ শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে এ বিষয়ে বৈঠকে বসে এ সিদ্ধান্ত নেন আন্দোলনরতরা। আগামী মঙ্গলবারের মধ্যে যদি এ বিষয়ে কোনো সমাধান না হয় তাহলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এ দাবি আদায়ে গত শনিবার থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের শিক্ষার্থী আল রাহাত বলেন, আমরা তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা জানিয়েছি। এ সময় আমরা তাদের সাত দিনের আলটিমেটাম দিয়েছি। এ সময়জুড়ে দৃশ্যমান অগ্রগতিসহ আলটিমেটামের মধ্যে দাবি আদায় না হলে আমরা কঠোর আন্দোলনে যাব। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এ কলেজের ডেন্টাল ইউনিটে অনুমোদিত ৫২ জন একাডেমিক শিক্ষকের পদ থাকলেও বর্তমানে মাত্র ১১ জন শিক্ষক দিয়ে সব ধরনের একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে পাঠদান, ব্যবহারিক ক্লাস, পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন কার্যক্রমে চরমভাবে ব্যাহত হচ্ছে।








