সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ১ হাজার ৪৮৫ পদে নিয়োগে পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৫২ ক্যাটাগরির এসব পদে আবেদন শেষ হয়েছে প্রায় তিন মাস আগে। তবে নিয়োগ পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন–৪) মাসুমা সুলতানা প্রথম আলোকে বলেছেন, সমাজসেবা অধিদপ্তরের এই নিয়োগ পরীক্ষার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচিও নির্ধারণ করা হয়নি।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ও বিভাগীয় নিয়োগ প্রদান কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা কবে হবে, তা আমরা বলতে পারব না। মন্ত্রণালয় অনুমোদন দিলে এরপর সিদ্ধান্ত হবে।’ অধিদপ্তরের ১ হাজার ৪৮৫ পদে নিয়োগ পেতে কতজন আবেদন করেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে তথ্যও তাঁদের কাছ নেই। কারণ, টেলিটকের কাছ থেকে সেই তথ্য এখনো তাঁরা পাননি।
২ লাখ টাকার আইটি স্কলারশিপ, ডিগ্রি যা-ই হোক আবেদনের আছে সুযোগ
৫২ ক্যাটাগরিতে ১ হাজার ৪৮৫ পদ
সমাজসেবা অধিদপ্তর ২০২৬ সালের ২৪ মে রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডের ৫২ ক্যাটাগরির পদে ১ হাজার ৪৮৫ জন কর্মী নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এসব পদে এসএসসি থেকে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করার সুযোগ পান। টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। আবেদন শুরু হয় ২ জুন সকাল ১০টায়। আবেদন শেষ হয় ২৩ জুন বিকেল ৫টায়।
এর আগে ২০২৪ সালের ২৭ মার্চ ও একই বছরের ৯ জুন সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। ওই দুই বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় এবার সংশোধিত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগের বিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন হয়নি।
প্রাণিসম্পদ অধিদপ্তর নেবে ৫৩৮ জন, জেনে নিন চাকরির সব তথ্যপরীক্ষার তারিখ নিয়ে অপেক্ষা
আবেদন শেষ হওয়ার পর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি। ফলে পরীক্ষার প্রস্তুতি নেওয়া প্রার্থীদের অপেক্ষা করতে হচ্ছে।
সমাজ কল্যাণ মন্ত্রণালয় বলছে, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত না হওয়ায় পরীক্ষার সম্ভাব্য সময়ও নিশ্চিত নয়। মন্ত্রণালয়ের অনুমোদনের পর পরীক্ষার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। ফলে ১ হাজার ৪৮৫ পদে নিয়োগের জন্য আবেদন করা প্রার্থীদের আপাতত পরীক্ষার তারিখ ঘোষণার অপেক্ষায় থাকতে হচ্ছে।
৫১তম বিসিএস সাধারণ না বিশেষ, কোনটি আগে আসছে






