বাংলাদেশের সামরিক খাতে এক লাখ কোটি টাকা বাজেট বরাদ্দের দাবি জানিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) বরকতউল্লাহ বুলু। একই সঙ্গে তিনি গাজীপুর এবং সাভারের জন্য একটি অত্যাধুনিক নারী শ্রমিক হাসপাতাল করার দাবি জানান।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্পিকারের উদ্দেশ্যে বরকতউল্লাহ বুলু বলেন, আপনার মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই, আজকে ইরান পৃথিবীতে একটি মডেল হয়েছে, উত্তর কোরিয়া মডেল হয়েছে। কি কারণে? তারা যদি সামরিক খাতে এই উন্নতি না করতে পারতো, তাহলে আজকে ইরানের মানচিত্র থাকতো না। আমিও আজকে এই হাউজে আপনার মাধ্যমে সবার কাছে, ৩০০ সংসদ সদস্য সবার কাছে আবেদন রাখবো, বাংলাদেশের সামরিক খাতে ৪২ হাজার কোটি টাকা নয়, এক লক্ষ কোটি টাকা বাজেট করা উচিত। বাংলাদেশ কারও বিরুদ্ধে যুদ্ধ করবে না, কিন্তু আত্মরক্ষার জন্য আমাদের প্রস্তুতি থাকা প্রয়োজন। এই খাতে ইরান যদি এই প্রস্তুতিটা না রাখতো, তাহলে মানচিত্র থেকে ইরান মুছে যেত।

এমওএস/এমএমকে