পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে সমুদ্রে গোসল করতে নেমে হেলাল শেখ নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ সময় তার ছেলে দীপকে জীবিত উদ্ধার করা হয়। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টের সায়মন বিচের দক্ষিণ পাশে মডার্ন হ্যাচারিসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

নিখোঁজ হেলাল শেখ মেহেরপুরের পশু হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা। তিনি পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ সময় দীপকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তার বাবা হেলাল শেখের কোনো সন্ধান মেলেনি।

সৈকতে দায়িত্বে থাকা বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পর জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির নিয়ন্ত্রিত লাইফগার্ড এবং উদ্ধারকর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান। সন্ধ্যা পর্যন্ত সমুদ্রে তল্লাশি চালানো হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান অব্যাহত থাকবে।”