রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা।বিকেল পৌনে ৫টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন এই আল্টিমেটাম ঘোষণা করেন। তিনি বলেন, ‘আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে-গত ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষা পুনরায় গ্রহণ করা এবং যারা অংশ নিতে পারেননি, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা। একই সঙ্গে আগামীকাল বুধবারের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মানদণ্ড শিক্ষার্থীবান্ধব করার দাবি জানান তারা।এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে টানা আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের সঙ্গে আলোচনায় বসেননি।