শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের সামনে থেকে লাঠিপেটা ও ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে এবং তাদের দেওয়া ব্যারিকেড সরিয়ে দেয়। এর আগে মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন বটতলার গেটে অবস্থান নেন পরীক্ষার্থীরা। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ায় আসাদগেট-খামারবাড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অবস্থানের কারণে সেখানে সড়কে যান চলাচল বন্ধ ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে আন্দোলনের মধ্যেই বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া জানান, এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়।