বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদে জুলাই সনদকে অন্তহীন প্রতারণার দলিল উল্লেখ করে বিএনপিই জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে। সংসদে যা বলা হয় তার রেকর্ড থাকে। সংসদে দাঁড়িয়ে তারা প্রমাণ করলেন তারাই জাতির সঙ্গে প্রতারণা করেছেন।

বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মালটিপারপাস হলে ‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘১১ দলীয় ঐক্য’ এ সেমিনারটির আয়োজন করে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. অলি আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন ১১ দলের শীর্ষ নেতারা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

জামায়াত আমির বলেন, ৭০ শতাংশ মানুষের দেওয়া গণভোট বৃথা যাবে না। আমরা আত্মবিশ্বাসী এটা বাস্তবায়ন হবে। আমরা সংসদের ভেতরে-বাইরে আওয়াজ তুলব। রাজপথে আন্দোলন চলছে। এটা দিনের পর দিন বেগবান হবে। জনগণ জাগলে একটি ঝাঁকুনিই যথেষ্ট। তবে কোনো অশুভ শক্তিকে (আওয়ামী লীগ) মাথাচাড়া দেওয়ার সুযোগ আমরা দেব না। আমরা নতুন-পুরোনো কোনো ফ্যাসিবাদকেই মেনে নেব না। এ সময় তিনি জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করে ১১ দলীয় ঐক্যকে হারানো হয়েছে। জোট সেদিন বিদ্রোহ করলে বা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, তা কেউ জানে না। তাই ১১ দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।

অলি আহমদ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাবধান করে দিয়ে বলেন, ‘আপনি ঢাকার বাইরে রাত্রিযাপন করবেন না। বিরোধী দল আপনার শত্রু নয়, আপনি যাদের দ্বারা পরিবেষ্টিত তারাই আপনার শত্রু। বিরোধী দলের কথা শুনলে আপনি লাভবান হবেন। আপনার বাবা এবং মায়ের মতো ইতিহাস হয়ে থাকবেন।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ প্রণয়নের সময় বিএনপি ১২টি জায়গায় নোট অব ডিসেন্ট দিয়ে মূলত ফ্যাসিবাদী ব্যবস্থাকেই চালু রাখতে চায়। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র বলতে পদ্মা সেতু আর মেট্রোরেলকে বোঝাত, আর বিএনপি বোঝাচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডকে। বিএনপি, আওয়ামী লীগ এবং ভারত মিলেও জুলাইকে আটকাতে পারবে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই চেতনার বিরুদ্ধে নানা কৌশলে অবস্থান নেওয়ার চেষ্টা চলছে। বিভিন্ন মাধ্যমে জুলাইয়ের বিপক্ষে জনমত তৈরির প্রচেষ্টা হচ্ছে। সরকারের কাছে অতি দ্রুত গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করার দাবি জানান তিনি।

সেমিনারে বক্তব্য দেন জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, এবি পার্টির মহাসচিব আসাদুজ্জামান ফুয়াদ, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।