রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

দুপুরের পর নূর মোহাম্মদকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সোহেল সরকার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন।

মহানগর অতিরিক্ত পিপি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ১৮ জুন সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মী অবৈধ মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, গত ১৮ জুন সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মী অবৈধ মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। পরে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে বিভিন্ন পোস্টার, ব্যানার, একটি প্রেস কার্ড, ককটেল তৈরির সরঞ্জাম এবং ভিলেওন ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে আসামির সম্পৃক্ততা যাচাই, নাশকতার অর্থদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত এবং ককটেল তৈরির উৎস উদ্ঘাটনের জন্য তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।