মানিকগঞ্জ সদরে সরকারি অ্যাম্বুলেন্সে তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেউথা মোড় এলাকায় মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কে এই অভিযান চালানো হয়। জেলা ডিবি পুলিশের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার নতুন বস্তি এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭), পশ্চিম সেওতা এলাকার মৃত খন্দকার শরিফ উদ্দিনের ছেলে খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০) ও হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাটি এলাকার আবুল কাশেমের ছেলে রেজাউল করিম খান মিলন (৪১)।
পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, ডিবির একটি দল বেউথা মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন সরকারি একটি অ্যাম্বুলেন্স থেকে তিন মাদক কারবারিকে আটক করে। পরে তাঁদের কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।








