দীর্ঘ ১১ বছর পর অনুমোদন পাওয়া নবম জাতীয় পে-স্কেল ২০২৬– এ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোতে বড় পরিবর্তন এসেছে। এর প্রভাব পড়ছে সরকারি শিক্ষকদের বেতন-ভাতাতেও। পে-কমিশনের সুপারিশ অনুযায়ী প্রথম থেকে একাদশ গ্রেড পর্যন্ত মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি মোবাইল ভাতা, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের ভাতাসহ নতুন কয়েকটি সুবিধা যুক্ত করা হয়েছে। তবে, প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এই পে-স্কেলের আওতায় আসবেন কি না, সে বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

সোমবার (৩১ আগষ্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় পে-স্কেলের প্রস্তাব অনুমোদন হয়। 

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি বলেন, ‍“নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মূল বেতন তিন ধাপে কার্যকর হবে এবং অন্যান্য ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর হবে।”

সরকারি কলেজের শিক্ষকদের বেতন নতুন পে-স্কেলে সরকারি কলেজের বিসিএস (শিক্ষা) ক্যাডারের শিক্ষকদের বেতনেও বড় পরিবর্তন আসছে। ৪র্থ গ্রেডের অধ্যক্ষ: বর্তমান মূল বেতন ৫০ হাজার টাকা থেকে বেড়ে হবে ৭৫ হাজার টাকা। ৬ষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপক: ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হবে ৫৩ হাজার ২৫০ টাকা। ৯ম গ্রেডের প্রভাষক: ২২ হাজার টাকা থেকে বেড়ে হবে ৩৩ হাজার টাকা।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা যা পাবেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রেও গ্রেড অপরিবর্তিত থাকছে, তবে মূল বেতন বাড়ছে উল্লেখযোগ্য হারে।

৭ম গ্রেডের প্রধান শিক্ষক: ২৯ হাজার টাকা থেকে বেড়ে হবে ৪৩ হাজার ৫০০ টাকা। ১০ম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষক: ১৬ হাজার টাকা থেকে বেড়ে হবে ২৪ হাজার টাকা। ১১তম গ্রেডের সহকারী শিক্ষক: ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হবে ১৮ হাজার ৭৫০ টাকা।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বাড়তি সুবিধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রেও নতুন বেতন কাঠামো কার্যকর হবে। পাশাপাশি তাদের একটি বিশেষ সুবিধাও বাড়ানো হয়েছে। ১০ম গ্রেডের প্রধান শিক্ষক: ১৬ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা। ১১তম গ্রেডের সহকারী শিক্ষক: ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১৮ হাজার ৭৫০ টাকা হয়েছে।

এ ছাড়া, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টিফিন ভাতা মাসে ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। একই সুবিধা ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরাও পাবেন।

এমপিওভুক্তদের জন্য কী প্রস্তাব ছিল পে-কমিশনের সুপারিশে এমপিওভুক্ত শিক্ষকদের জন্যও একই হারে মূল বেতন বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। তবে, এটি এখনো সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

সুপারিশ অনুযায়ী— * চতুর্থ গ্রেডের এমপিওভুক্ত অধ্যক্ষের বর্তমান মূল বেতন ৫০ হাজার টাকা, যা ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ ৫৫ হাজার টাকা হয়। নতুন স্কেলে মূল বেতন বাড়িয়ে ৭৫ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

*৬ষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপক ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৫৩ হাজার ২৫০ টাকা 

*৭ম গ্রেডের প্রধান শিক্ষক ও উপাধ্যক্ষ ২৯ হাজার থেকে ৪৩ হাজার ৫০০ টাকা

* ৯ম গ্রেডের প্রভাষক ২২ হাজার থেকে ৩৩ হাজার টাকা

* ১০ম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষক ১৬ হাজার থেকে ২৪ হাজার টাকা এবং

* ১১তম গ্রেডের সহকারী শিক্ষক ১২ হাজার ৫০০ থেকে ১৮ হাজার ৭৫০ টাকা মূল বেতন পাওয়ার সুপারিশ করা হয়েছে।

এমপিও নিয়ে কী বললেন নাসিমুল গণি মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণার পর সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি বলেন, “এটা এখন বলতে পারছি না। এ সম্বন্ধে পরবর্তী সিদ্ধান্ত আসবে যখন তা হবে।” অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন পে-স্কেলের আওতায় আসবেন কি না, সে বিষয়ে সরকার এখনো আলাদা সিদ্ধান্ত নেয়নি।

নতুন যেসব সুবিধা থাকছে নতুন পে-স্কেলে বেতনের পাশাপাশি কয়েকটি নতুন সুবিধাও যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে—

* সব গ্রেডের সরকারি কর্মচারীর জন্য মোবাইল ভাতা

* বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিটি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা

* ধাপে ধাপে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থার দিকে এগোনোর পরিকল্পনা

* নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধি।

বাস্তবায়ন হবে তিন ধাপে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও পুরো সুবিধা একসঙ্গে মিলবে না। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে মূল বেতন তিন ধাপে কার্যকর হবে। এরপর ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে ভাতাসহ অন্যান্য সুবিধা একযোগে কার্যকর করা হবে।

নতুন পে-স্কেল পুরোপুরি বাস্তবায়িত হলে প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ৯ লাখের বেশি অবসরপ্রাপ্ত সুবিধাভোগী উপকৃত হবেন। সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।