হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের সংরক্ষিত বনের কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করার দায়ে এক হোটেলমালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।বন বিভাগ সূত্রে জানা যায়, সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে প্রভাবশালী মহলের মদতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ৩ টি খাবারের দোকান পরিচালিত হচ্ছে। অভিযোগ ছিল, এসব হোটেলে সংরক্ষিত বনের কাঠ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার উদ্যানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় 'মাসুম বিল্লাহ হোটেল'-এ বনের কাঠ দিয়ে রান্না করতে দেখেন আদালত। বনের ক্ষতি করার অপরাধে হোটেলের মালিক মাসুম বিল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানকালে মাসুম বিল্লাহ হোটেল ছাড়াও মোল্লার হোটেল ও চিত্তর হোটেলের মালিককে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে সংরক্ষিত বনের কাঠ ব্যবহার করে রান্না করা সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেন ইউএনও। অন্যথায় হোটেলগুলো উচ্ছেদসহ আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।অভিযানের সময় সাতছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুর রহমান এবং চুনারুঘাট থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।\
রাজনীতি
সাতছড়িতে বনের কাঠ দিয়ে রান্না, হোটেলমালিককে জরিমানা

শেয়ার করুন







