সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধসংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে কোনো ব্যক্তিকে নিজ উদ্যোগে আটক বা শারীরিকভাবে নির্যাতন না করার বিষয়ে সতর্ক করেছে দূতাবাস।
সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত বলে সন্দেহ হলে বা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। প্রয়োজনে দেশটির জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ অথবা ৯১১-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানায়, কোনো অবস্থাতেই অপরাধের অভিযোগে কাউকে নিজ উদ্যোগে আটক রাখা বা শারীরিকভাবে নির্যাতন করা যাবে না। সৌদি আরবের প্রচলিত আইনে এ ধরনের কর্মকাণ্ড গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়।
এ বিষয়ে সৌদি আরবে বসবাসরত সব বাংলাদেশিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্থানীয় আইন-কানুন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।
The post সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস appeared first on ZoomBangla.







