কুষ্টিয়ার মিরপুরে শ্বশুরকে মাদকদ্রব্য দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন হাবিবুল ইসলাম ঠান্টু (৩২) নামের এক যুবক। তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

সোমবার (২৯ জুন) মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিরচর এলাকায় এ ঘটনা ঘটে। আটক ঠান্টু একই উপজেলার মাঝিহাট গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, কুন্টিরচর গ্রামের ফারুক হোসেনের মেয়ের সঙ্গে কয়েক বছর আগে ঠান্টুর বিয়ে হয়। অতিরিক্ত মাদকাসক্তির কারণে ক্ষুব্ধ হয়ে কয়েকদিন আগে তালাক নোটিশ পাঠান তার স্ত্রী। এর প্রতিশোধ নিতে রবিবার (২৮ জুন) রাতে শ্বশুরবাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে মাদক রেখে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন দেন তিনি। এ সংবাদের ভিত্তিতে পুলিশ ফারুক হোসেনের বাড়ি থেকে ওই মাদকদ্রব্য উদ্ধার করে।

এদিকে, ৯৯৯-এ ঠান্টুর দেওয়া মাদকের নিখুঁত তথ্যে পুলিশের সন্দেহ হয়। পাশাপাশি ফারুককে জিজ্ঞেস করে পুলিশ তালাকের বিষয়টিও জানতে পারে। পরে পুলিশ ঠান্টুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি শ্বশুরকে ফাঁসাতে মাদক রাখার কথা স্বীকার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেছেন, “আটক ঠান্টু নিয়মিত মাদক সেবন করেন। এ নিয়ে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার ঝামেলা চলছিল। স্বামীকে মাদক থেকে ফেরাতে স্ত্রী তালাকের নোটিশ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ঠান্টু শ্বশুরবাড়িতে মাদক রেখে এসে মিথ্যে গল্প সাজায়। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”