সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
রুমিন ফারহানা বলেন, “আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই। উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিডিউর, সেটিই উনি ফলো করবেন।”
বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, “বিরোধী দলে যারা থাকে, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে। সে জায়গা থেকে যদি এটা গঠন করেন, অবশ্যই আমরা সবাই এটাকে স্বাগত জানাই।”
এই স্বতন্ত্র সংসদ সদস্য বলেন, “তারা যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক তাদের যে পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয় কোথায় কী ভুল হচ্ছে, সে ব্যাপারে পজিটিভ কোনো ফিডব্যাক দেন, তাহলে আমার মনে হয়, সেটি অফকোর্স ওয়েলকামড।”








