গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীর খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাঘাটা উপজেলা শাখা।
রবিবার (২৮ জুন) বিকেলে বোনারপাড়া উপজেলা চত্বরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহত ছাত্রনেতার বিচারের দাবিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।
সমাবেশে সাঘাটা থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘‘এই হত্যাকাণ্ডে যাদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাদের রিমান্ডে নিয়ে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক। এর সঙ্গে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।’’
তিনি অবিলম্বে প্রধান অভিযুক্ত মুকুল, পলাশসহ এই ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।
খুনিদের গ্রেপ্তারে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঘাটা থানার সাংগঠনিক সম্পাদক এনামুল হক সরকার। তিনি বলেন, ‘‘সাইফুল্লাহ বারীর হত্যাকারীদের গ্রেপ্তারে এত বিলম্ব কেন— এই প্রশ্ন আজ জনমনে।’’
তিনি হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবদল নেতা মুকুল ও তার ভাইসহ জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।
প্রশাসনের প্রতি কঠোর বার্তা দিয়ে সাঘাটা থানা জামায়াতে ইসলামীর সহ-সভাপতি আবদুল গফুর বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে বোনারপাড়ার জনগণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তাদের প্রতিবাদ জোরদার করবে।








