সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গোলাপগঞ্জ উপজেলার রনকেলী নুরুপাড়া গ্রামের চেরাগ আলীর ছেলে রাশেদ আহমদ (২৪), লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও গ্রামের আব্দুল আহাদের ছেলে রায়হান আহমদ (১৯), রনকেলী নুরুপাড়া গ্রামের খলিল আহমদের ছেলে আবুল কালাম (৩০), একই গ্রামের মৃত জুনাব আলীর ছেলে জাকির আহমদ (২৯) এবং দক্ষিণ সুরমা থানার দক্ষিণ সিরামপুর গ্রামের খালেদ হোসেনের ছেলে ইফাতুর রহমান (২৩)।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের কয়েকজন সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে সরকারের অপপ্রচারের উদ্দেশে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন—এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








