ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার মামলার রায় ঘোষাণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আরিফ, রাকিব ও সাইম। তাদের প্রত্যেককে ২ লাখ করে টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মারুফ নামে এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ তাকে দণ্ড দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুল করিম চৌধুরী।
রায়ে অসন্তোষ করে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মকবুল হোসেন সরকার।
রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান নিছামনির মা-বাবা।
গত ১৪ জুন বিকেলে ধোবাউড়ায় শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৫ জুন নিছামনির বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে মামলার মাত্র ৯ দিনের মাথায় ২৩ জুন ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে ঘটনার ২৫ দিনের মাথায় রায় ঘোষণা করেন বিচারক।





