প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ২০২৬ সালের ২৫ জুন প্রথম আলোর কার্যালয়ে ১৭৮ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বিশিষ্ট শিশু-কিশোর ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেলাল আহমেদ। এ বারের প্রতিপাদ্য বিষয়টি ছিল ‘বিশ্ব মাদক সমস্যা: চলমান সংকট, নতুন চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী ফলাফল’। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

মাদক প্রতিরোধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, চিকিৎসক, অভিভাবক এবং সমাজের সচেতন মানুষ— সবারই কম-বেশি ভূমিকা রয়েছে । কিন্তু আমাদের মূল ভয়টা থাকে মূলত কিশোর বা টিনেজ বয়সের সন্তানদের নিয়ে, যারা এই বয়সে এসে ভালো-মন্দের পার্থক্য গুলিয়ে ফেলে । এই বয়সের সন্তানদের আত্মবিশ্বাস দিতে এবং সঠিক পথ বেছে নেওয়ার ক্ষেত্রে কার ভূমিকা সবচেয়ে বেশি হওয়া উচিত?

এর উত্তরে ডা. আহমেদ হেলাল বলেন, ‘আমি নিজে একজন শিশু-কিশোর মানসিক রোগ বিশেষজ্ঞ। সেই জায়গা থেকে যদি বলি— সমাজে কারো ভূমিকাই কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। সরবরাহ কমাতে বা সাপ্লাই রিডাকশনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও পলিসি মেকারদের রোল আছে; ক্ষতি কমাতে ‘হার্ম রিডাকশন’ বা চিকিৎসার জন্য চিকিৎসকদের রোল আছে; আবার সচেতনতার জন্য শিক্ষকদেরও বড় রোল আছে। তবে এই সবকিছুর উপরে সবচেয়ে বড় এবং প্রধান ভূমিকাটি রাখতে পারে ‘ফলাফলের টার্গেট বা জিপিএ-৫’-এর পেছনে না ছুটে পরিবার যদি শিশুর উজ্জ্বল ও সুষম বিকাশ ঘটাতে সক্ষম হয় । এখানে উজ্জ্বল বিকাশ বলতে কিন্তু আমি পরীক্ষার জিপিএ বা ভালো রেজাল্ট বোঝাচ্ছি না । আমি বোঝাচ্ছি তার সামাজিক দক্ষতার বিকাশ । যে পরিবারে একটি শিশুর সামাজিক দক্ষতা ও মানসিক বিকাশ সুন্দরভাবে হয়, সেখানে পরবর্তীতে তার মাদক গ্রহণ করার প্রবণতা স্বাভাবিকভাবেই অনেক কমে যায় । পরিবারকে যদি আমরা মানসিকভাবে সক্রিয় ও বিজ্ঞানসম্মত উপায়ে সচেতন করতে পারি, তবে মাদকাসক্তির এই মরণব্যাধিকে আমরা অনেকখানি প্রতিহত করতে পারব।’