নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে স্পিডবোট থেকে পড়ে ফায়ার সার্ভিসের এক সদস্য নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর নিতাইগঞ্জের ফায়ার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
নিখোঁজ সাদিক (২৬) নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন প্রশিক্ষিত ডুবুরি। তার বাড়ি রাজবাড়ি জেলার গোয়ালনন্দ বাজারের কুমরাকান্দি গ্রামে।
সহকর্মীরা জানান, পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারই ছিল সাদিকের কাজ। গত মাসে সিদ্ধিরগঞ্জের লেকে গোসলে নেমে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধারের কাজেও অংশ নিয়েছিলেন সাদিক।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের জেটির সামনে কচুরিপানা জমে থাকে। এসব কচুরিপানা পরিষ্কারে কাজ করছিলেন সাদিকসহ তিনজন। স্পিডবোটের সামনের দিকে থাকা ডুবুরি সাদিক ঢেউয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান।”
তিনি আরো বলেন, “তার সঙ্গে থাকা অপর দুই সদস্যের দেওয়া বর্ণনা অনুযায়ী, সাদিক পানিতে পড়ে যাওয়ার সময় মাথায় আঘাত পেয়েছিলেন বলে ধারণা করছি। কারণ তার মত প্রশিক্ষিত ডুবুরি কোনো আঘাত না পেলে এভাবে নিখোঁজ হতেন না।”








