সোনারগাঁয়ে এক কলেজছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে অশ্লীল ভিডিও ধারণ করেছে হানি ট্র্যাপ চক্রের সদস্যরা। ধারণকৃত ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই চক্রের সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস মাজার এলাকায় গত ২৯ জুন হানি ট্র্যাপ চক্রের সদস্য সাব্বির তার স্ত্রী মুমু ও রিফাত এক কলেজছাত্রীকে ডেকে নিয়ে যায়। পরে তারা ওই কলেজছাত্রীকে জোরপূর্বক বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ও প্রচার রোধে চাঁদা দাবি করা হয়।
থানায় দায়েরকৃত অভিযোগে ভুক্তভোগী ওই কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে উল্লেখ করা হয়, গত ২৯ জুন সকালে হানি ট্র্যাপ চক্রের সদস্যরা তাদের কলেজ পড়ুয়া ছাত্রীকে একটি খালি বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে সাব্বির ও তার স্ত্রী মুমুসহ তাদের সহযোগী রিফাত মিলে কলেজছাত্রীকে একটি রুমে আটকে রাখে। পরে তারা জোরপূর্বক ওই কলেজছাত্রীর পরিধেয় পোশাক খুলে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। ভিডিও ধারণের পর ওই কলেজছাত্রীকে অবরুদ্ধ করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোবাইল ফোনে তার পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী ওই কলেজছাত্রীর পিতা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে এ ঘটনার প্রতিবাদ করলে হানি ট্র্যাপ চক্রের সদস্যরা তাকে পিটিয়ে আহত করে।








