চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফল করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
শনিবার (২৭ জুন) নগরের পাথরঘাটা সিটি করপোরেশন কলেজের অডিটোরিয়ামে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, অবসরপ্রাপ্ত তিন শিক্ষককে সম্মাননা এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার সঙ্গে পরীক্ষায় অংশ নিলে সফলতা অর্জন সম্ভব। বর্তমান শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, মানবিকতা ও দায়িত্ববোধ ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা বিস্তারে অবদান রাখা শিক্ষকদের অবদান কখনো ভোলার নয়। অবসর গ্রহণ দায়িত্বের সমাপ্তি নয়, তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা সমাজকে আলোকিত করতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিকের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন। সভাপতিত্ব করেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। স্বাগত রাখেন পাথরঘাটা সিটি করপোরেশন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদুর রহমান।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত তিন শিক্ষককে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, চসিকের কর্মকর্তা, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/জেএইচ








