সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় এ মৌসুমের সর্বোচ্চ ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি উজানের ঢল ও বৃষ্টির কারণে জেলার নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এ তথ্য জানান সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। 

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সুনামগঞ্জে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। বুধবার থেকে সকাল আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর আগের ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল। 

খোঁজ নিয়ে জানা যায়, জেলায় অবিরাম বৃষ্টিতে বিভিন্ন উপজেলার নিচু এলাকায় পানি জমে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন জনসাধারণ।

শহরের কাজিরপয়েন্ট এলাকার দোকানি মিজান মিয়া রাইজিংবিডি ডটকমকে বলেন, “বুধবার থেকে বৃষ্টি শুরু হয়েছে থামার কোনো লক্ষণই দেখছি না। বৃষ্টির কারণে মানুষ তেমন একটা বের হচ্ছে না। ব্যবসায় মান্দা চলছে।” 

ষোলঘর এলাকার রিকশা চালক রোকন উদ্দিন বলেন, “আমি প্রতিদিন ভোরে বের হই, আজকে বৃষ্টির মধ্যেই বের হয়েছি। রাস্তাঘাটে মানুষ কম, ভাড়াও তেমন পাচ্ছি না।” 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরো দুইদিন সুনামগঞ্জসহ সিলেট অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে নদ-নদীর পানির স্তর আরো বাড়তে পারে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, “উজানে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। সুনামগঞ্জেও বৃষ্টি হচ্ছে। আবহওয়া পূর্বাভাস অনুযায়ী আরো দুই-একদিন বৃষ্টিপাত হতে পারে।”