সুন্দরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে তামা চুরি করার সময় মনির হোসেন নামে এক যুবককে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ মামলা করেছে। বুধবার বিকালে থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আটক মনির হোসেন রংপুরের পীরগাছা উপজেলার পাঠকশিখর গ্রামের ছক্কু মণ্ডলের ছেলে। জানা যায়, গভীর রাতে চার চোরের একটি দল বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা জোলারঘাট এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে বসানো দুটি ট্রান্সফরমার মাটিতে নামিয়ে ভেতর থেকে তামা খুলে পালানোর চেষ্টা করছিল। স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে চোররা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে মনির হোসেনকে আটক করা হলেও অন্য তিনজন পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেন। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সুন্দরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান মিজান বলেন, ‘এ ঘটনায় আমাদের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে।’