তালতলীতে রাতের আঁধারে সরকারি রাস্তা কেটে ফসলি জমিতে পরিণত করার অভিযোগ ওঠেছে প্রভাবশালী বাবুল দফাদারের বিরুদ্ধে। বুধবার সকালে এ ঘটনার প্রতিবাদে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মৌরভী এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয়রা। এর আগে একাধিকবার ইউএনও ও থানায় লিখিত অভিযোগ করলেও কোনো প্রতিকার মেলেনি। অভিযুক্ত বাবুল দফাদারের বাড়ি একই এলাকায়। জানা যায়, নিশানবাড়িয়া ইউনিয়নের মোয়াপাড়া-মৌরভী সড়কটি দিয়ে দীর্ঘ দুই যুগ ধরে মৌরভী ও মোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয়রা যাতায়াত করে আসছেন। রাস্তাটি গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের মাধ্যমে সরকারিভাবে মাটি দিয়ে সংস্কার করা হয়। অভিযোগ ওঠেছে, গত কয়েকদিন ধরে বাবুল দফাদারের নেতৃত্বে রাতের আঁধারে সরকারি রাস্তাটির প্রায় ৪০০ ফুট অংশ কেটে ফসলি জমিতে পরিণত করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার হাজারও মানুষ। এ বিষয়ে অভিযুক্ত বাবুল দফাদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু মিয়া বলেন, ওই রাস্তার জন্য ইউপি সদস্য শফিক জমাদ্দারের মাধ্যমে সরকারি বরাদ্দ দেওয়া হয়েছিল। রাস্তা কাটার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও মোহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং ইউপি চেয়ারম্যানকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছি।








