ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় একটি পারিবারিক মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৬ জুন) সকালে মন্দিরের প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১ নম্বর তারাকান্দা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নাথপাড়া এলাকার একটি পারিবারিক কালীমন্দিরে এই ভাঙচুরের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মন্দিরে থাকা কালী প্রতিমার মাথা ভেঙে ফেলেছে। শুক্রবার সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে মন্দিরে গিয়ে বিষয়টি দেখতে পান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে তারাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।খবর পেয়ে আজ দুপুরে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।