ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় এক নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেফতার ব্যক্তির নাম মো. জুলফিকার মোল্লা (৩৩)। তিনি ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএনসির সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি বিশেষ দল দুপুর দেড়টা থেকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এসময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা জুলফিকার মোল্লাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
আরও পড়ুনজাতীয় গবেষণা / দেশে ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করে, সবচেয়ে বেশি গাঁজা: গবেষণা
পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দর কর্তৃপক্ষের সামনে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ২১টি পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা পাওয়া যায়।
তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বোর্ডিং কার্ড এবং জিও ইন্ডিয়ার সিম ব্যবহৃত একটি অপ্পো স্মার্টফোন জব্দ করা হয়।
ডিএনসির সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া আরও জানান, গ্রেফতার জুলফিকার মোল্লা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, বাংলাদেশে দুই থেকে তিনদিন অবস্থান করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার।
টিটি/বিএ








