ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটায় শুরু হওয়া এ কার্যক্রম চলবে চলবে বিকেল চারটা পর্যন্ত।

এর আগে গতকাল বুধবার দুপুরে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ পুলিশ সদস্য ও ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নির্বাচন অনুসন্ধান কমিটি, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। চার বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ দেশি-স্থানীয় পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করার কথা আছে।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৬৮। নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন। আর হিজড়া ভোটার ৪ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, মোট ১৮৫টি ভোটকেন্দ্রে থাকা ৯৮৯টি ভোটকক্ষে ভোট দিতে পারবেন ভোটাররা। প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শুরু হবে। গণনা শেষে কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হবে। ভোটের ফলাফল সংগ্রহ ও পরিবেশনের জন্য জেলা শিল্পকলা একাডেমিতে কেন্দ্র স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলো থেকে গণনার ফল সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে সেখানে পাঠানো হবে।

ভোট গ্রহণের জন্য বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। বুধবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ে

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।