ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি গ্রামে একই দিনে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের চার ছাত্রী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে একসঙ্গে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় তারা। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেছে ওই চার স্কুলছাত্রীর পরিবার। বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের এই চার ছাত্রীর মধ্যে দুজনের বয়স ১৭ বছর। বাকি দুজনের মধ্যে একজনের ১৬ এবং আরেক ছাত্রীর বয়স ১৪ বছর।
নিখোঁজ চার ছাত্রীর মধ্যে তিনজন চাড়োল ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আরেক ছাত্রী ৮ম শ্রেণির ছাত্রী।
নিখোঁজ এক ছাত্রীর বাবা জানান, মঙ্গলবার সকাল ৬টায় তাঁর মেয়েসহ চারজন প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্কুল ও প্রাইভেট সেন্টারে খোঁজ নিয়ে জানা যায় যে, তারা সেখানে যায়নি। পরে রাতে থানায় গিয়ে জিডি করেন তিনি।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, নিখোঁজ চার স্কুলছাত্রীর পরিবার রাতে থানায় এসে সাধারণ ডায়েরি করেছে। আমরা স্কুলছাত্রীদের সন্ধানে কাজ শুরু করেছি।








