ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাছ ধরার জালের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

মঙ্গলবার (১৪ জুলাই) ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে ৮৮টি নিষিদ্ধ রিংজাল, ৭৫টি কারেন্ট জাল এবং ৫টি ঘুপ্সি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ জাল জব্দ, ৬০ হাজার টাকা জরিমানা

জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার বলেন, ‘১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে মোট ২২৯টি রিংজাল, ৩৮৩টি কারেন্ট জাল, ১২টি ঘুপ্সি জাল এবং ৩৫ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। একই সময়ে মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোট ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশীয় মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

তানভীর হাসান তানু/কেজে/এএসএম