সৌদি আরবের দাম্মাম থেকে নতুন দিল্লির উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমা হামলার হুমকির পর সেটি ভারতের গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। আজ সোমবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের এক ক্রু সদস্য টিস্যু পেপারে ‘বোমা’ লেখা দেখতে পাওয়ার পরেই বিমানটি ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
আহমেদাবাদ পুলিশের ‘জি’ ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ (এসিপি) ভি এন যাদব বিষয়টি নিশ্চিত করে জানান, উড্ডয়নরত বিমানে বোমা সংক্রান্ত লিখিত বার্তাটি পাওয়ার পরপরই পাইলটেরা বিমানটি আহমেদাবাদের দিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আজ বিকেল সাড়ে চারটা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ওই বিমানের এক ক্রু সদস্য ‘বোমা’ লেখা একটি টিস্যু পেপার পাওয়ার পরই নিরাপত্তার খাতিরে জরুরি পদক্ষেপ নেওয়া হয়।
অবতরণের পর নিরাপত্তা রক্ষাকারী সংস্থাগুলো পুরো বিমানজুড়ে সতর্কতার সঙ্গে চিরুনি তল্লাশি চালায়। তবে বিমানে কোনো ধরনের সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটে থাকা ৩২ জন যাত্রীর সকলেই সম্পূর্ণ নিরাপদ আছেন। আপাতত তাঁদের আহমেদাবাদ বিমানবন্দরের টার্মিনাল-২ এ রাখা হয়েছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
তথ্যসূত্র: পিটিআই








