আর্জেন্টিনা দল থেকে লিওনেল মেসির বিদায় ঘিরে আবেগে ভাসছে পুরো ফুটবলবিশ্ব। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেওয়ার পর সতীর্থ, সমর্থক ও স্বজনদের ভালোবাসায় সিক্ত হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার স্বামীকে উদ্দেশ করে হৃদয়ছোঁয়া এক বার্তা দিয়েছেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ এক পোস্টে মেসির ফুটবল ক্যারিয়ারের নানা উত্থান-পতনের কথা স্মরণ করেছেন আন্তোনেলা। একই সঙ্গে একজন ফুটবলার ও বাবা হিসেবে মেসির প্রতি নিজের গর্বের কথাও তুলে ধরেছেন তিনি।

ইনস্টাগ্রামে আন্তোনেলা লিখেছেন, ‘তোমাকে এভাবে এই অধ্যায়ের সমাপ্তি টানতে দেখে কী যে গর্ব হচ্ছে। কত বছর, কত মুহূর্ত, কত আনন্দ, আর কত প্রতিকূলতাও ছিল।’

মেসির জাতীয় দলের হয়ে দীর্ঘ পথচলায় সাফল্যের পাশাপাশি কঠিন সময়ও খুব কাছ থেকে দেখেছেন আন্তোনেলা। আর্জেন্টিনার হয়ে একের পর এক ব্যর্থতার পরও কীভাবে মেসি লড়াই চালিয়ে গেছেন, সে কথাও উঠে এসেছে তাঁর লেখায়।

আন্তোনেলা লিখেছেন, ‘আমি তোমাকে কষ্ট পেতে দেখেছি, পড়তে দেখেছি, আবার উঠে দাঁড়াতেও দেখেছি। যখন পরিস্থিতি তোমার অনুকূলে ছিল না, তখনও তোমাকে লড়ে যেতে দেখেছি এবং সব সময় আবার চেষ্টা করতে দেখেছি। আর এত বছর পর, তোমার স্বপ্নগুলো পূরণ হতে এবং আমাদের জীবনের সবচেয়ে আনন্দের কিছু মুহূর্ত উপভোগ করতে দেখার সৌভাগ্যও আমার হয়েছে।’

তবে মেসির ফুটবলজীবনের চেয়েও একটি বিষয় আন্তোনেলাকে বেশি আবেগাপ্লুত করেছে—তাঁদের তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরো বাবার পুরো যাত্রাটির সাক্ষী হয়ে বড় হয়েছে।

এ প্রসঙ্গে আন্তোনেলা লিখেছেন, ‘তবে এই পুরো গল্পের একটি বিষয় আমাকে বিশেষভাবে নাড়া দেয়—আমাদের সন্তানরা নিজের চোখে এসবের সাক্ষী হয়ে বড় হয়েছে। তারা তাদের বাবাকে নিজের চাওয়া পূরণের জন্য লড়তে দেখেছে, কখনো হাল না ছাড়তে দেখেছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রাখতে দেখেছে। এরপর তারা নিজের চোখেই দেখেছে, তাদের বাবা সবকিছু অর্জন করেছেন এবং বিশ্বকাপ উঁচিয়ে ধরেছেন।’

আন্তোনেলার মতে, সন্তানরা হয়তো এখনও পুরোপুরি উপলব্ধি করতে পারেনি তাদের বাবা মাঠে কতটা অসাধারণ কীর্তি গড়েছেন। তবে একজন বাবা হিসেবে মেসিকে নিয়ে তাদের গর্বের কোনো কমতি নেই, ‘হয়তো একদিন তারা সত্যিকার অর্থেই বুঝতে পারবে তোমার গল্পের বিশালতা। আজ তারা শুধু তাদের বাবাকে নিয়ে গর্বিত।’

সবশেষে স্বামীকে উদ্দেশ করে ভালোবাসা ও গর্বে ভরা বার্তা দিয়েছেন আন্তোনেলা, ‘আর আমি তোমাকে নিয়ে গর্বিত। তোমার পথচলা নিয়ে, তুমি যেসব বাধা অতিক্রম করেছ সেসব নিয়ে এবং সবকিছুর চেয়েও বেশি—প্রতিটি মুহূর্তের আড়ালে থাকা মানুষটিকে নিয়ে। তোমার পাশে থেকে এই সবকিছুর অংশ হতে পারা কত বড় সৌভাগ্যের। আমরা তোমাকে অসীম ভালোবাসি।’