২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ বুধবার (৫ আগস্ট) উদ্বোধন হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন। এরই মধ্যে তিনি অনুষ্ঠানস্থলে হাজির হয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে জাদুঘরটির আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এতদিন বন্ধ থাকলেও আজ সকাল থেকে জাদুঘরের প্রবেশপথ খুলে দেওয়া হয়।

উদ্বোধনের দিন জাদুঘরটি শুধু জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত রাখা হবে।

আরও পড়ুন

জুলাই জাদুঘর গড়ে তোলা ছিল ‘যুদ্ধের মতো’, বললেন ফারুকী

সাধারণ দর্শনার্থীরা আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে অনলাইনে আবেদন করে জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন। গত ৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা নিতাই রায় চৌধুরী এসব তথ্য জানান।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের ইতিহাস, শহীদ ও আহতদের আত্মত্যাগ, গুরুত্বপূর্ণ দলিল, আলোকচিত্র, ভিডিওচিত্র এবং বিভিন্ন স্মারক সংরক্ষণ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসান হয়। সেই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে।

জাদুঘরটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময়। পরে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর অবশিষ্ট কাজ শেষ করে উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়। জাদুঘরটি উদ্বোধনের জন্য গত কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন দাবি জানিয়ে আসছিল।

এমইউ/এমকেআর