ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে মো. মিজানুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪–এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় দেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম এ তথ্য জানান।

আইনজীবী এরশাদ আলম বলেন, রায় ঘোষণা উপলক্ষে আসামি মিজানুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজার পরোয়ানা দিয়ে তাঁকে আবার কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার এজাহার অনুযায়ী, স্ত্রী মোসা. রেহানার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় যৌতুক নেন মিজানুর। আরও যৌতুকের দাবিতে তিনি স্ত্রীকে মারধর করতেন। ২০১৯ সালের ২৫ জুলাই রেহানাকে গলা টিপে হত্যা করা হয়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা হয়। মামলায় মিজানুরকে গ্রেপ্তার করা হয়। মিজানুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০১৯ সালের ডিসেম্বরে এ মামলায় মিজানুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন ট্রাইব্যুনাল।