শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে। এ কারণে স্টক এক্সচেঞ্জ কোম্পানিগুলোকে নোটিশ দেয়। নোটিশের জবাবে কোম্পানিগুলো জানায়, দর বাড়ার অপ্রকাশিত কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- এটলাস বাংলাদেশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ও শার্প ইন্ডাস্ট্রিজ।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, এটলাস বাংলাদেশের শেয়ারদর গত ১৫ জানুয়ারি ৫২ টাকা ২০ পয়সা থেকে বেড়ে সোমবার (১৩ জুলাই) ৯৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। ছয় মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৬ টাকা ১০ পয়সা।
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর গত ৩০ মার্চ ৭ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ১৩ জুলাই ১৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। সাড়ে তিন মাসে ইউনিটদর বেড়েছে ৭ টাকা ৬০ পয়সা।
শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর, গত ১৫ এপ্রিল ১৬ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ১৩ জুলাই ২৯ টাকা ২০ পয়সায় পৌঁছেছে। তিন মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২ টাকা ৪০ পয়সা।
এসব কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়লে ডিএসই থেকে নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাবে কোম্পানিগুলো জানায়, অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।








