বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটির নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মোশাররফ হোসেন। তিনি ১৮৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন পেয়েছেন মাত্র ৪৩টি ভোট।

আজ শনিবার রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসার কারা কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ‘বিগত ১০ বছর পর বিএফএর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি পক্ষ নির্বাচন বানচাল করতে রিট করেছিলেন, আদালত তা খারিজ করে দিয়েছে।’

মোশাররফ হোসেন বলেন, ‘ডিলার ও কৃষকদের কল্যাণের জন্যই বিএফএ কাজ করে। আমি এ খাতের প্রতিবন্ধকতাগুলো দূর করে সম্মিলিতভাবে কাজ করব।’

বিএফএর সেক্রেটারি রিয়াজ আহমেদ জানান, সারা দেশে সংগঠনটির ৪ হাজার ২০০ ভোটার রয়েছে। এর মধ্যে দুই হাজার ৬২ জন ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এ ছাড়া সংগঠনের ৩৩টি পদের মধ্যে দেশের ৪টি বিভাগীয় অঞ্চল থেকে ইতিমধ্যে ৩১ জন নির্বাচিত হয়েছেন। বাকি দুই পদে আজ ভোটগ্রহণ হয়েছে। ভোটে পরিচালক (অর্থ) নির্বাচিত হয়েছেন মো. আলাউদ্দিন চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক পেয়েছেন মাত্র ৯৫ ভোট।

এ দিকে গতকাল শুক্রবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোর্শেদ মিলটন বিএফএর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে গভীর উদ্বেগ, হতাশা ও অসন্তোষ প্রকাশ করেন। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সকল সদস্যের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি বলেও অভিযোগ ছিল তাঁর।