কিলিয়ান এমবাপে বিশ্বকাপে তার স্বভাবসুলভ গোলবন্যার ধারা বজায় রেখেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বোস্টনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের ২-০ ব্যবধানের জয়ে তিনি অনন্য এক গোল করে দলকে সেমিফাইনালে তোলার পাশাপাশি রেকর্ডের খাতায় তোলপাড় সৃষ্টি করেছেন।
ফরাসি অধিনায়ক ম্যাচের শুরুতে একটি পেনাল্টি মিস করলেও, দ্বিতীয়ার্ধের গোলটির মাধ্যমে তিনি টুর্নামেন্টে পেনাল্টি ছাড়া সবচেয়ে বেশি গোলের রেকর্ডে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে স্পর্শ করেছেন।
এমবাপে তার আর্জেন্টাইন প্রতিদ্বন্দ্বী মেসির মতোই, এই বিশ্বকাপে এখন পর্যন্ত বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন বা স্পর্শ করেছেন। তার কীর্তিগুলো এক নজর দেখে নেওয়া যাক।
ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা
ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে এমবাপের এই বিশ্বকাপে মাত্র একটি ম্যাচের প্রয়োজন ছিল। টুর্নামেন্টে ফ্রান্সের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে গোল করার পর ২৭ বছর বয়সী এই তারকা অলিভিয়ের জিরুকে ছাড়িয়ে তালিকার শীর্ষে চলে যান।
রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড এখন ফরাসি জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ৬৪ গোল নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন, যেখানে জিরুর গোল সংখ্যা ৫৭। থিয়েরি অঁরি ৫১ গোল নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে এবং আন্তোয়ান গ্রিজম্যান ৪৪ গোল নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
বিশ্বকাপে ফ্রান্সের রেকর্ড গোলদাতা
বিশ্বকাপের মঞ্চে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এতদিন ছিল জুস্ত ফন্তেইনের (১৩ গোল)। সেনেগালের বিপক্ষে নিজের ১৪তম বিশ্বকাপ গোলটি করে ১৯৫৮ সালের সেই প্রাচীন রেকর্ড ভাঙেন এমবাপে। এরপর টুর্নামেন্টে আরো ৬টি গোল করে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যাকে নিয়ে গেছেন ২০-এ, যা সর্বকালের তালিকায় মেসির চেয়ে মাত্র ১টি কম।
বিশ্বকাপে পেনাল্টি ছাড়া সবচেয়ে বেশি গোল
বৃহস্পতিবার মরক্কোর বিপক্ষে গোল করার মাধ্যমে বিশ্বকাপে পেনাল্টি ছাড়া সবচেয়ে বেশি গোলের তালিকায় লিওনেল মেসির সমকক্ষ হয়েছেন এমবাপে। বিশ্বকাপে পেনাল্টি ছাড়াই এই দুই মহাতারকার গোল সংখ্যা এখন সমান ১৭টি।
বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি গোল
সুইডেনের বিপক্ষে ম্যাচে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ গোলের নতুন ইতিহাস গড়েন এমবাপে। এর মাধ্যমে তিনি ব্রাজিলের দুই কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওকে পেছনে ফেলে দেন। পরবর্তীতে প্যারাগুয়ে ও মরক্কোর জালে বল পাঠিয়ে বর্তমানে ১২টি নকআউট গোল নিয়ে এই তালিকার চূড়ায় বসে আছেন তিনি।
গোল কন্ট্রিবিউশন রেকর্ড
মরক্কোর বিপক্ষে উসমান দেম্বেলের গোলে অ্যাসিস্ট করে আরেকটি অভাবনীয় রেকর্ড গড়েন এমবাপে। ১৯৬৬ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে সরাসরি ১১ বা তার বেশি গোলে অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) রাখার কীর্তি গড়লেন তিনি। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে ৮ গোল ও ২ অ্যাসিস্ট করেছিলেন তিনি।
ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ
মরক্কোর বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপের মূল পর্বে ফ্রান্সের হয়ে এমবাপের ২০তম ম্যাচ। এর মাধ্যমে সাবেক ফরাসি গোলরক্ষক হুগো লরিসের রেকর্ডে ভাগ বসানোর পাশাপাশি বিশ্বকাপে ২০টি ম্যাচ খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। আগামী সপ্তাহে সেমিফাইনালের ম্যাচে মাঠে নামলেই লরিসকে ছাড়িয়ে এককভাবে ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়বেন কিলিয়ান এমবাপে।
তথ্যসূত্র: আল-জাজিরা








