টাঙ্গাইলের সখীপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান (২৯) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সখীপুর পৌরসভায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারের আগে স্থানীয় লোকজন অভিযুক্ত হাসানকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আজ বেলা ১টার দিকে ভুক্তভোগী শিশু নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী হাসান শিশুটিকে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি শরীরে ব্যথা অনুভব করলে ঘটনাটি তার মাকে জানায়। ঘটনা শোনার পর শিশুর মা ও স্বজনরা হাসানের পরিবারের কাছে অভিযোগ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শিশুর মা ও চাচিকে মারধরও করা হয়।

পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে হাসানকে আটক করে পিটুনি দেয় এবং পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে থানায় নিয়ে যায়।

‎‎এ বিষয়ে থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় আজ সন্ধ্যায় পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্ত হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।