‘লেট অটাম’ ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন চীনের তাং ওয়েই। বিয়ে করেছিলেন দক্ষিণ কোরিয়ার পরিচালক কিম তে-ইয়ংকে। ২০১৬ সালে প্রথমবার মা হয়েছিলেন তিনি। এবারে ৪৭ বছর বয়সে দ্বিতীয়বার মা হয়ে হইচই ফেলে দিলেন তিনি।

তাং ওয়েইয়ের দ্বিতীয় সন্তান ছেলে। গত বুধবার এই সুখবর জানান তিনি নিজেই। সামাজিক মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা আর অভিনন্দনে ভাসছেন চীনের জনপ্রিয় এই অভিনেত্রী। সবাই তার পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাচ্ছেন।

তাং ওয়েইয়ের মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক কিম তে-ইয়ং ও তাং ওয়েই দম্পতির এটি দ্বিতীয় সন্তান। বুধবার তাং ওয়েই চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় পরিবারের তিন সদস্যের হাত ও একটি খেলনা ঘোড়া। প্রথম সন্তান সামারের কথা উল্লেখ করে তাং ওয়েই লেখেন, ‘এখন আমাদের চার সদস্যের পরিবারের যাত্রা শুরু হলো।’

৪৭ বছর বয়সে মা হলেন অভিনেত্রী

এই ঘোষণার আগে কয়েক মাস ধরেই তাংয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে গুঞ্জন চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে বেবি বাম্পসহ দেখা যায় তাকে। পরে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি পারিবারিক ছবি প্রকাশ করে গর্ভধারণের খবর নিশ্চিত করেন তিনি। তখন তাং লিখেছিলেন, ‘আমরা খুবই খুশি। আমাদের পরিবারে নতুন একজন সদস্য যোগ দিচ্ছে।’

১৯৭৯ সালে চীনে জন্ম নেন তাং ওয়েই। অভিনয়ে তার অভিষেক হয় ২০০৪ সালে। তবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি পরিচিতি পান ২০১০ সালের ‘লেট অটাম’ দিয়ে। এই ছবির শুটিংয়েই কিম তে-ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় প্রেমে ও পরে পরিণয়ে গড়ায় ২০১৪ সালে। ২০১৬ সালে জন্ম নেয় তাদের প্রথম কন্যাসন্তান সামার। প্রায় এক দশক পর এবার পরিবারে এল দ্বিতীয় সন্তান।

৪৭ বছর বয়সে মা হলেন অভিনেত্রী

কিম তে-ইয়ং ‘লেট অটাম’সহ বেশ কিছু সিনেমা বানিয়ে পরিচিতি পেয়েছেন। অভিনয়জীবনে তাং ওয়েই চীনের গণ্ডি পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আন্তর্জাতিক অঙ্গনেও। ‘লাস্ট, কশন’ ছবিতে যৌন আবেদনময়ী রূপে পর্দায় আসার কারণে চীনে তাকে নিষিদ্ধ করা হয়েছিল। তার ৪৭ বছর বয়সে দ্বিতীয়বার মা হওয়ার খবরটি প্রকাশের পর থেকেই চীন, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন।

আরএমডি