বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মকর্তাদের কল্যাণ তহবিল ও অবসর-পরবর্তী ভাতা উত্তোলনের প্রক্রিয়া আগের চেয়ে সহজ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স হলে অফিসার পরিষদের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।ড. হেলাল উদ্দীন বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কর্মকর্তাদের পাওনা পরিশোধের প্রক্রিয়া দ্রুততর করতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে সব কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের বিধি মেনে দায়িত্ব পালন করতে হবে। কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ন করলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘ দুই বছর পর অনুষ্ঠিত এই সভায় আসন্ন অফিসার পরিষদ নির্বাচন নিয়ে কর্মকর্তাদের মতামত নেওয়া হয়। এ ছাড়া সভায় নতুন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অফিসার পরিষদের প্রধান নির্বাচন কমিশনার কৃষিবিদ মো. ছরোয়ার হোসেন সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এডিশনাল ট্রেজারার সৈয়দ আমান-উদ-দৌলা খানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন।