বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অবসর-পরবর্তী বিভিন্ন ভাতা উত্তোলনের প্রক্রিয়া সহজ হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স হলে অনুষ্ঠিত বাকৃবি অফিসার পরিষদের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সব কর্মকর্তাকে চাকরি বিধি মেনে দায়িত্ব পালন করতে হবে। কেউ যদি অফিসার পরিষদের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আর্থসামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক এবং অফিসার পরিষদের প্রধান নির্বাচন কমিশনার কৃষিবিদ মো. ছরোয়ার হোসেন।
হিসাব শাখার এডিশনাল ট্রেজারার সৈয়দ আমান-উদ-দৌলা খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা ও বিভাগের সব পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
দীর্ঘ দুই বছর পর আয়োজিত এ সাধারণ সভার শুরুতে সম্প্রতি নবনিযুক্ত কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে অফিসার পরিষদের আসন্ন সাধারণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে উপস্থিত কর্মকর্তাদের মতামত আহ্বান করা হয়।
কেজে/জেআইএম








