গণ-অভ্যুত্থানের ‘অসম্পন্ন এক দফা’ বাস্তবায়ন এবং ‘ঔপনিবেশিক ফ্যাসিবাদী ব্যবস্থা’ বিলোপের লক্ষ্যে প্রতীকী লং মার্চ করেছে ‘ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য’। আজ বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বঙ্গভবন অভিমুখে এই প্রতীকী মার্চ অনুষ্ঠিত হয়।
এ সময় গণহত্যার বিচার, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন এবং রাষ্ট্র সংস্কারসহ পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।
লং মার্চের শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্বতন্ত্র রাজনীতিবিদ ও চিকিৎসক তাসনিম জারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব ও গণবিপ্লবী উদ্যোগের প্রতিনিধি আরিফ সোহেল, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মিরাজের বাবা, জুলাই গণ-অভ্যুত্থানে আহত জাকির শিকদার, সন্তান ও অভিভাবক ফোরামের কেন্দ্রীয় সমন্বয়ক ইশরাত জাহান, যুব বাঙালির সংগঠক অয়ন আমান, জুলাই সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক আবু প্রান্তর প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও গণবিপ্লবী উদ্যোগের প্রতিনিধি আব্দুল্লাহ সালেহীন অয়ন প্রতীকী লং মার্চের মূল বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি পাঁচ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে— ছাত্র-জনতার ওপর সংঘটিত গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের পরিকল্পনা প্রকাশ, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গণহত্যা, হত্যা, গুম ও নির্যাতনের বিচার এবং ভুক্তভোগীদের পুনর্বাসনের রোডম্যাপ ঘোষণা, বিভিন্ন খাতে দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনায় খাতভিত্তিক শ্বেতপত্র প্রকাশ এবং প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়ন, পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনে উত্থাপিত সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম আরও বিস্তৃত করা।








