ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। জর্ডানের একটি উদ্ধারকারী দলের বরাত দিয়ে বুধবার (১ জুলাই) বিবিসি এ তথ্য জানিয়েছে।
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ক্লিবার মোরান নামের শিশুটিকে লা গুয়াইরা রাজ্যের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। রদ্রিগেজ শিশুটির এই উদ্ধারকে ‘আমাদের জনগণের জন্য আশার উৎস’ হিসেবে বর্ণনা করেছেন।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, হাজার হাজার মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য ও আশ্রয়ের প্রয়োজন।
গত সপ্তাহের ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি এবং আরো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
নাসার স্যাটেলাইট ডেটার প্রাথমিক মূল্যায়ন অনুসারে, এই প্রচণ্ড কম্পনে সম্ভবত ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
জর্ডানের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ক্লিবারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা ভালো আছে।
ভেনেজুয়েলার সংসদ সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, রাজধানী কারাকাসে শিশুটির চিকিৎসা চলছে।
ভূমিকম্পের ঠিক পরের প্রাথমিক তিন দিনের সময়কাল শেষ হওয়ার অনেক পরে এই উদ্ধার অভিযান শুরু হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সময়েই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের জীবিত উদ্ধার পাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে।
লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম এবং সেখানকার অনেক স্থানীয় মানুষ নিজেরাই উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করছেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা মঙ্গলবার জানিয়েছে, লা গুয়াইরায় ব্যাপক খাদ্য সংকট দেখা দিয়েছে, মৌলিক পরিষেবাগুলো ভেঙে পড়েছে এবং যোগাযোগ ব্যবস্থা বহুলাংশে বিচ্ছিন্ন হয়ে গেছে।








