মাদারীপুরের কালকিনি পৌরসভায় টানা আট মাস ধরে সুপেয় পানির তীব্র সংকট চলছে। পৌরসভার ছয়টি গভীর নলকূপের মধ্যে দুটি বিকল হয়ে পড়ায় প্রায় ২৫০টি সংযোগে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ১, ৪ ও ৭ নম্বর ওয়ার্ডের কয়েক হাজার বাসিন্দা। নিরাপদ পানির অভাবে এলাকায় দেখা দিয়েছে স্বাস্থ্যঝুঁকি।সরেজমিনে দেখা যায়, পৌরসভার অনেক বাড়িতে পানির সংযোগ ও কল থাকলেও দীর্ঘ দিন ধরে তা দিয়ে পানি মিলছে না। বাধ্য হয়ে বাসিন্দারা দূর-দূরান্তের নলকূপ থেকে পানি সংগ্রহ করছেন। কেউ কেউ পুকুরের পানি ফুটিয়ে ব্যবহার করছেন। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত নিরাপদ পানির জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটতে হচ্ছে পৌরবাসীকে।পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত কালকিনি পৌরসভা ২০১৬ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হয়। প্রায় ৪৬ হাজার জনসংখ্যার এই পৌরসভায় ১ হাজার ৪৭০টি সংযোগের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। কিন্তু পাম্প বিকল থাকায় প্রায় আট মাস ধরে ২৫০টি পরিবার নিয়মিত পানি পাচ্ছে না।১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রহিমা খাতুন বলেন, ‘অনেক দূর থেকে পানি আনতে হয়। আমাদের এলাকায় খাল বা পুকুরও নেই। আমরা দ্রুত এই কষ্টের সমাধান চাই।’৩ নম্বর ওয়ার্ডের রহমান ফকির অভিযোগ করেন, মাঝে মাঝে পানি এলেও তাতে অতিরিক্ত আয়রন থাকে, যা পান করা যায় না। এতে পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে।কালকিনি পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, ‘দুটি পাম্প বিকল হওয়ার বিষয়টি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই মেরামতের কাজ শুরু হবে।’কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সাইফ উল আরেফীন জানান, সংকট নিরসনে বিকল্প উৎস থেকে পানি সরবরাহের চেষ্টা চলছে। দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে দীর্ঘ আট মাসেও স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।