নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের ৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার ফর্ম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ওই কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) দুপুরে লালপুর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী মোছা. ইসরাত জাহান সূচির পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ ইসরাত জাহান সূচি এইচএসসি পরীক্ষার ফর্ম ফিলাপের জন্য ৩ হাজার ৫০০ টাকা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র অফিস সহকারী অমিত কুমার সরকারের কাছে জমা দেন। অভিযুক্ত নিজেই ফর্ম ফিলাপ করে দেওয়ার আশ্বাস দেন। পরে বিভিন্ন সময়ে খোঁজ নিলে তিনি কাজ হয়ে যাবে বলে আশ্বস্ত করতে থাকেন।
গত ২৯ জুন কলেজে প্রবেশপত্র বিতরণ শুরু হলে অমিত কুমার সরকার সূচির পরিবারকে নানা অজুহাতে অপেক্ষা করতে বলেন। ১ জুলাই সূচি ও তার বাবা কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলে কম্পিউটারে যাচাই করে জানা যায়, তার ফর্ম ফিলাপ করা হয়নি। তদন্ত করে জানা যায়, একই কৌশলে আরো ৭ শিক্ষার্থীর ফর্ম ফিলাপের টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘট
নায় দায়ের করা মামলায় অভিযুক্ত অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছেন কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত আছে।








