এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন আর্জেন্টিনার লিভারপুল তারকা ম্যাক অ্যালিস্টার। সুইজারল্যান্ডের বিপক্ষে হেড থেকে একটি গোলও করেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে মোকাবিলার আগে ৮৬’র পুনরাবৃত্তি করতে চান এই মিডফিল্ডার।
আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার জানান, ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে মুখিয়ে আছে পুরো দল। তার মতে, ‘ম্যাচটি বিশেষ কারণ এটি বিশ্বকাপের শেষ চারের লড়াই, আর ভেন্যু ইংল্যান্ডে হওয়ায় তাদের মানসিকতায় কোনো পরিবর্তন আসছে না।’
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আমরা সবাই এই ম্যাচটি খেলতে চাই। এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটি বিশ্বকাপের সেমিফাইনাল। আর ম্যাচটি ইংল্যান্ডে হচ্ছে বলে আমার কাছে কোনো পার্থক্য তৈরি করছে না।’
প্রতিপক্ষ ইংল্যান্ডের শক্তি নিয়েও সতর্ক এই লিভারপুল তারকা। তিনি বলেন, ‘ইংল্যান্ডের দলে অসাধারণ মানের অনেক খেলোয়াড় রয়েছে।’
তবে একই সঙ্গে ১৯৮৬ সালের বিশ্বকাপের স্মৃতিও টেনে আনেন ম্যাক অ্যালিস্টার। সেবার কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার জাদুকরী পারফরম্যান্সে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আশা করি আমরা ১৯৮৬ সালে যা করেছিলাম, সেটি আবারও করতে পারব। তবে দিয়েগো যা করেছিলেন, সেটা অসম্ভব। সেটা কেবল লিও (মেসি) করতে পারে।’
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে ম্যাক অ্যালিস্টারের এই মন্তব্য ইতোমধ্যেই আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে। বিশেষ করে ম্যারাডোনা ও মেসির প্রসঙ্গ টেনে তিনি যেন আবারও ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় দ্বৈরথের আবহ ফিরিয়ে আনলেন।
আরআর/আইএইচএস/







