মানিকগঞ্জের বাঁচামারা ও চরকাটারি এলাকায় অনুমোদিত বালু মহলের বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), মানিকগঞ্জ জেলা শাখা।
বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শিবালয় উপজেলার আলোকদিয়া ও দৌলতদিয়া উপজেলা শহরের শহীদ রফিক চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অবৈধ বালু উত্তোলনের কারণে জনজীবনের নিরাপত্তা, কৃষিজমি, বসতবাড়ি, গ্রামীণ সড়ক এবং ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের ৭ ও ৮ নম্বর পিলার হুমকির মুখে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, নদীভাঙন বাড়ছে, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান এবং সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকিতে পড়ছে। পাশাপাশি বালুবাহী ভারী যানবাহনের কারণে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় জনদুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।’
মানববন্ধনে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কার এবং ফসলি জমি ও জনবসতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব কাজী মাসুকুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কাজী হারুন-রশিদ পিন্টু।
কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে আট দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।
মো. সজল আলী/কেজে/এএসএম








