আধুনিক যুগে বড় কোনো প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তার কম্পিউটার হ্যাকারমুক্ত রাখা এবং হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি জরুরি।

বুধবার (১ জুলাই) খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবগঠিত মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ মন্তব্য করেন।

​মন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে বিশ্বব্যাপী নিরাপত্তার প্রচলিত বা অ্যানালগ ধারণা গুণগতভাবেই বদলে গেছে। এখন নিরাপত্তা মানে শুধু শারীরিক পাহারা বা সমরাস্ত্রের যুদ্ধ নয়। ডিজিটাল ঝুঁকির ভয়াবহতা বোঝাতে তিনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাটি স্মরণ করিয়ে দেন।

তিনি বলেন, এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোনো রকম শারীরিক আক্রমণ ছাড়াই কেবল ডিজিটাল কারসাজির মাধ্যমে একটি দেশের অর্থনীতি ও নিরাপত্তা কতটা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির বিকাশের যেমন সুবিধা রয়েছে, তেমনি গুজব, ভুয়া খবর ও ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর বড় চ্যালেঞ্জও রয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ফ্যাক্ট-চেকিংয়ের মাধ্যমে এ ধরনের অপপ্রচার মোকাবিলা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, প্রযুক্তি অত্যন্ত গতিশীল। তাই প্রতিনিয়ত চিন্তাভাবনা ও সিস্টেম আপগ্রেড না করলে আজকে যিনি আধুনিক, আগামীকাল তিনি অচল হয়ে পড়বেন। তিনি আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যকে সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর চিন্তার মাধ্যমে দেশের কাজে লাগানোর উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।