রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর মিনি শিশু পার্কটি এখন প্রায় বিলুপ্তির পথে। শিশুদের বিনোদনের জন্য তৈরি করা রাইডগুলো ভেঙে ও মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে পৌর শহরের একমাত্র বিনোদন কেন্দ্রটি আকর্ষণ হারানোর পাশাপাশি স্থানীয় শিশুদের মানসিক বিকাশও ব্যাহত হচ্ছে।বুধবার (১ জুলাই) সরেজমিনে পার্কে গিয়ে দেখা যায় এক জরাজীর্ণ পরিবেশ। গাছের নিচে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে শুকনো পাতা ও ময়লা-আবর্জনা। শিশুদের খেলার মূল আকর্ষণ হলুদ রঙের স্পাইরাল স্লিপারটি ভেঙে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। পাশের স্টিলের অন্য একটি স্লাইডও দুমড়ে-মুচড়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পার্কটি এখন যেন পরিত্যক্ত এক ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।পার্কে আসা স্থানীয় অভিভাবক রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পৌর শহরে বাচ্চাদের ঘোরার মতো আর কোনো জায়গা নেই। বাধ্য হয়েই এখানে নিয়ে আসি, কিন্তু ভেতরের রাইডগুলো সব ভেঙে পড়ে আছে। বাচ্চাদের এখানে ছেড়ে দিতে ভয় লাগে, কখন যে কেটে-কুটে দুর্ঘটনা ঘটে!’পার্কে খেলতে আসা শিশু জাহিমা নুসরাত সারা বলে, ‘এখানে এসে দোলনায় দুলতে পারি না, স্লিপারটাও ভাঙা। আমাদের খেলতে খুব কষ্ট হয়।’স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের যথাযথ তদারকি ও সদিচ্ছার অভাবেই পার্কটির এই দশা। শহরের শিশুদের মানসিক বিকাশের স্বার্থে দ্রুত পার্কটি সংস্কার ও আধুনিকায়ন করার দাবি জানিয়েছেন সুন্দরগঞ্জবাসী।/
রাজনীতি
সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ সুন্দরগঞ্জ মিনি শিশু পার্ক

শেয়ার করুন







