জুলাই স্মৃতি জাদুঘর ৫ আগস্টের মধ্যে জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই তা খুলে প্রবেশ করবে।’বুধবার (১ জুলাই) রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদদের গণকবর জিয়ারত শেষে সরকারের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীর গতিতে হচ্ছে। এটা আরও দ্রুত করতে হবে। তিনি দাবি করেন, ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে হবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।এ সময় হাসানুল হক ইনুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী উল্লেখ করে নাহিদ বলেন, 'ইনুর ১০ বছরের সাজা হতে পারে না। আমরা আপিলের মাধ্যমে তার কঠোর শাস্তি প্রত্যাশা করছি।’সরকারের উদ্দেশে এই এনসিপি নেতা বলেন, ‘শুধু নামকাওয়াস্তে জুলাই গণঅভ্যুত্থান পালন করলে চলবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে।'জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আশা করছি, সরকার দ্রুতই কর্মসূচি ঘোষণা করবে।’
রাজনীতি
জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া নিয়ে আলটিমেটাম

শেয়ার করুন







