রাজধানীর ভাটারা এলাকায় ব্যবসায়ী রবিউল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানিতে ভাটারা থানার মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রিফাত আল আফসানী জেবুন্নেসা আফরোজকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাকে মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। পরে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে ভাটারা থানার যমুনা ফিউচার পার্কের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ী রবিউল ইসলাম। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে চিকিৎসা নেন।
পরবর্তীতে সুস্থ হওয়ার পর একই বছরের ২৫ ডিসেম্বর রবিউল ইসলাম বাদী হয়ে ভাটারা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন।
২০২৫ সালের ১৬ মে রাজধানী থেকে জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে ধারাবাহিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এমডিএএ/এমএএইচ/








